বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিজের স্বার্থে কেউ নির্বাচন পেছানোর চেষ্টা করলে তা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। নির্বাচন পিছিয়ে দেয়ার কোনো যুক্তি নেই এবং দেশের মানুষের জন্য নির্বাচন কখনো পিছিয়ে দেয়া হবে না।

আজ সোমবার (২২ ডিসেম্বর) চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত বাণিজ্য সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে নির্বাচন চায় না বলে মানুষের মধ্যে সন্দেহ রয়েছে। নির্বাচন না হলে দেশের মানুষের মালিকানা প্রতিষ্ঠিত হবে না। নির্বাচিত সংসদ ও সরকার না থাকলে কারা লাভবান হবে, সে নিয়ে জনগণের প্রশ্ন রয়েছে। এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, নির্বাচন ছাড়া দেশে জনগণের ক্ষমতায়ন সম্ভব নয়। তাই মানুষের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন পেছানোর যে কোনো প্রচেষ্টা জনগণের স্বার্থের বিরুদ্ধে যাবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে দলের রাজনীতিতে পরিবর্তন আসবে কিনা, এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়ে এগিয়ে এসেছে। এতে দল আরো সুসংগঠিত হয়েছে।

তিনি বলেন, তারেক রহমানের শারীরিক উপস্থিতি দল ও দেশকে নতুনভাবে উৎসাহিত করবে। এতে রাজনৈতিক কার্যক্রম আগের চেয়ে বড় পরিসরে এগিয়ে নেয়ার সুযোগ তৈরি হবে। তার অনুপস্থিতিতে শুধু বিএনপি নয়, দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমীর খসরু বলেন, এখন দেশবাসীর দায়িত্ব এমন রাজনীতি নিশ্চিত করা, যেখানে বাংলাদেশের মানুষের ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হবে। জনগণের ভোটে নির্বাচিত সংসদ ও সরকারের মাধ্যমেই সেই লক্ষ্য অর্জন সম্ভব।