স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার কারণে অনেক বড় বড় দেশে স্থবিরতা দেখা দিয়েছে। কিন্তু বাংলাদেশে সবকিছু ঠিকঠাকমতো চলছে। আমেরিকা অর্থনীতিতে ১৫ ভাগ এবং ভারত ৭ ভাগ পিছিয়েছে। কিন্তু বাংলাদেশে উন্নয়নের চাকা ঘুরছে বলেই আমরা ৫ ভাগ এগিয়েছি। তবে করোনা মহামারী নিয়ন্ত্রণে ভ্যাকসিন আগামী জানুয়ারির শেষ দিকে দেশে আনার চেষ্টা চলছে।

গতকাল দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় এবং নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের গৃহীত পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। আশা করি, আগামী জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন আনতে পারব। কোনো কারণে দেরি হলেও ফেব্রুয়ারির মাঝামাঝি অবশ্যই ভ্যাকসিন আনতে পারব। এ ব্যাপারে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. এএইচএম এনায়েত হোসেন।