নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ব্যক্তিগত কার ও মটোসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় উপজেলার ঢাকা-আড়াইহাজার সড়কের ব্রাহ্মন্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লাদেন ও  হৃদয়। তাদের উভয়ের বাড়ি নরসিংদী সদরের সাহে প্রতাপ গ্রামে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, বিকেলে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে  ঘুরতে বের হয়। এসময় ঢাকা-আড়াইহাজা সড়কের ব্রাহ্মন্দি গ্রামে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হলে দুই যুবক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে প্রাইভেটকারের চালক পালিয়ে গেছেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।