পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা
রিজওয়ানা হাসানের নির্দেশে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় এসএন কর্পোরেশন (ইউনিট-২) ও এমটি
স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের পরিবেশগত ছাড়পত্র স্থগিত করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া কেন তাদের
কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হবে না, সে বিষয়ে আগামী ৩ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর
নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত, স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের
শিপ ব্রেকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। সোমবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৭ সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে মেসার্স
এসএন কর্পোরেশন (ইউনিট-২) শিপ ব্রেকিং ইয়ার্ডে এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের কাটিং
কার্যক্রম চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জন শ্রমিক আহত হন এবং ১ জন মারা যান।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, এ দুর্ঘটনার
ফলে শিপ ব্রেকিং ইয়ার্ডের পরিবেশগত ছাড়পত্রের কয়েকটি শর্ত লঙ্ঘিত হয়েছে। একইভাবে, স্ক্র্যাপ
জাহাজের ছাড়পত্রের শর্তাবলিও ভঙ্গ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে মেসার্স
এসএন কর্পোরেশন (ইউনিট-২) এবং এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের পরিবেশগত ছাড়পত্র স্থগিত
করা হয়েছে এবং শিপ ব্রেকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা হয়েছে।










