সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোপাল শংকর দে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার রাত ৮টা ৪০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।

তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের কাযকরী কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি।

এসব তথ্য নিশ্চিত করে করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও মৃতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

জানা গেছে, অধ্যাপক ডা. গোপাল শংকর দে নগরীর চৌহাট্টা এলাকায় প্রাইভেট প্র্যাকটিস করতেন। তবে দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে তিনি প্র্যাকটিস বন্ধ রেখেছিলেন।

ওসমানী মেডিকেল কলেজের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় করোনার উপসর্গে ডা. গোপাল শংকর রায়ের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

মাউন্ট এডোরা হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক রাশেদুল ইসলাম বলেন, গত ২০ জুন মধ্যরাতে ডা. গোপাল শঙ্কর করোনার উপসর্গ নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হন। তবে এরআগেই তিনি নমুনা পরীক্ষা করিয়েছিলেন। যার রিপোর্ট নেগেটিভ আসে। তবে তার শরীরের সব ধরনের উপসর্গ থাকায় আমরা গত ২৩ জুন আবার নমুনা সংগ্রহ করে করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য পাঠাই। তবে দ্বিতীয় দফা পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি। তবে তাকে করোনা রোগী ধরে নিয়েই চিকিৎসা দেয়া হচ্ছিল।

তিনি জানান, ডা. গোপালের অবস্থার অবনতি হওয়ায় তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দুই দিন আগে তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছিল।