ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় বিএসএফের গুলিতে মিকাইল হোসেন (৩০) নামে এক বাংলাদেশী নিহতের অভিযোগ উঠেছে। নিহত মিকাইল বাঘাডাঙ্গার জিনজিরাপাড়ার রুহুল আমিনের ছেলে।
নিহতের মামাতো ভাই মুছা নূর মল্লিক জানান, কয়েকদিন আগে মিকাইলসহ আরো কয়েকজন সীমান্ত পার হয়ে ভারতে যায়। বৃহস্পতিবার রাতে গরু নিয়ে ফেরার পথে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার টেংরাখাল ব্রিজ এলাকা দিয়ে তারা দেশে ফেরার চেষ্টা করছিলেন। এ সময় নদীয়ার শিলবাড়ী বিএসএফের টহলদলের সামনে পড়ে যান তারা। বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সে সময় অন্যরা পালিয়ে এলেও মিকাইল নিখোঁজ হন। ঘটনার চারদিন পর রোববার বিকালে সীমান্তবর্তী টেংরা খালে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নদীয়া জেলার হাঁসখালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, ঘটনার ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।









