কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আতা উল্লাহ নামের এক কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উখিয়ার ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত আতা উল্লাহ ১৯ নম্বর ক্যাম্পের এ/১ ব্লকের জালাল আহমেদের ছেলে এবং ওই ব্লকের উপনেতা (সাব-মাঝি)।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসেন।

তিনি বলেন, আতা উল্লাহকে ক্যাম্প-১৯, ব্লক-এ/৮-এর ইয়াছিন জোহার দোকানের পাশে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে দায়িত্বরত এপিবিএন সদস্যরা উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন এনজিও হাসপাতালে নিয়ে যায়। অবস্থান অবনতি হলে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে ক্যাম্প নিয়ন্ত্রণের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।