গাইবান্ধার সদর উপজেলায় চিনিবোঝাই একটি ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী।


রোববার (২৬ মার্চ) রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের যোগিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক আলামিনের (২৮) বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।


স্থানীয়রা জানান, রাতে চিনিবোঝাই ট্রাকটি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এলাকাবাসী গিয়ে ট্রাকের ভেতর থেকে চালককে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় তার সহকারীকেও। আহতকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, ট্রাকটি চিনি নিয়ে গাজীপুর থেকে গাইবান্ধায় যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরই মধ্যে হতাহতদের পরিবারে খবর দেয়া হয়েছে।