আজ শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করেছে সিলেট বিভাগের তিন জেলার পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বিএনপির সিলেট বিভাগীয় মহাসমাবেশের ঠিক আগের দিন মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে এ ধর্মঘট পালন করছেন তারা।
তবে শুধু সিলেট জেলায় আন্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমা চলায় আজ ধর্মঘট চলছে না। আগামীকাল বিএনপির সমাবেশের দিন ধর্মঘট পালন করা হবে এ জেলায়। ধর্মঘট থাকায় রাতেই সিলেটে চলে এসেছেন অনেকে। কোনো কোনো এলাকা থেকে নৌপথেও সমাবেশস্থলে পৌঁছেছেন অনেকে।
ধর্মঘটের কারণে শুক্রবার সকাল থেকে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার যানবাহন। অভ্যন্তরীণ রাস্তাগুলোয় যানচলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। পাশাপাশি সিলেটের বিভাগীয় সমাবেশ অংশ নিতে ইচ্ছুক বিএনপি নেতা কর্মীরা পড়েছেন বাধার মুখে। তবে বৃহস্পতিবার রাতেই হবিগঞ্জ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সিলেটে এসে পৌঁছেছেন। সমাবেশস্থল আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী ক্যাম্পে নেতাকর্মীদের দেখা গেছে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বলেন, নবীগঞ্জ রোডের সালামতপুর বাসস্ট্যান্ডে তাদের গাড়ি নিয়ে যেতে চাইলে প্রশাসনের বাধার সম্মুখীন হতে হয়। এর প্রতিবাদেই তারা মূলত এ ধর্মঘটের ডাক দিয়েছেন। এছাড়া অবৈধ সিএনজিচালিত অটোরিকশা বন্ধসহ বিভিন্ন দাবিতে তারা এ ধর্মঘট শুরু করেছেন। তারা বলেন, তাদের দাবি মানার আগ পর্যন্ত ধর্মঘট চলবে।
অপরদিকে সুনামগঞ্জেও বাস মালিক সমিতির ডাকে পরিবহন ধর্মঘট চলছে। সকাল থেকে সবধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে বিএনপি নেতাকর্মীরা সুনামগঞ্জ থেকে ট্রলার ও নৌকায় করে সিলেট আসছেন। শুক্রবার ভোরে অনেকেই সিলেটে এসে পৌঁছেছেন।









