বন্যার পানিতে ভেসে নিখোঁজ সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এরমধ্যে নারী ও শিশুও রয়েছেন। মৃতদের মধ্যে তিনজন সিলেট সদরের, সুনামগঞ্জের ছাতকে তিনজন এবং মৌলভীবাজারের একজন।
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে
দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগ নেতা এ কে আবুল কাশেম
(২৪) ও তার
দাদি ছুরেতুন নেছা (১০৫)। তাদের বাড়ি সুজাতপুর গ্রামে। অপর
ব্যক্তি হচ্ছেন আব্দুল হাদি (১৮)। তিনি নলকট গ্রামের বাসিন্দা।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক
সেলিম আহমদ জানান, আবুল কাশেম তার পরিবারের সঙ্গে মদীনা মার্কেট
এলাকায় বসবাস করেন। বন্যার পানি বৃদ্ধির খবর পেয়ে গ্রামের বাড়ি থেকে বৃদ্ধ দাদী ও
চাচাতো বোনকে উদ্ধার করতে বৃহস্পতিবার সকালে একটি নৌকা নিয়ে যান। নৌকা নিয়ে দাদিকে
নিয়ে শহরে ফেরার পথে সুজাতপুর আইডিয়াল স্কুল এলাকায় পানির স্রোতে নৌকাটি ডুবে যায়।
এসময় তার ছোট চাচাতো দুই বোন উল্টে যাওয়া নৌকায় ধরে প্রাণে বাঁচলেও দাদি নাতিকে
ধরে বাঁচার চেষ্টা করেন। এতে দু’জনই পানিতে তলিয়ে যান। শুক্রবার দাদি ছুরেতুন
নেছার মরদেহ ভেসে উঠে। গতকাল রোববার সকালে আবুল কাশেমের মরদেহ একই জায়গায় ভেসে
উঠে। দু’জনের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীর
তত্ত্বাবধানে নিজ এলাকায় মাটি দেয়ার জায়গা শুকনো না থাকায় কুমারগাঁও এলাকায় উচু
কবরস্থানে তাদের দাফন করা হয়।
এদিকে, কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামে গত
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে বন্যার পানির তীব্র স্রোতে আব্দুল হাদি
(১৮) নামের
এক তরুণ ভেসে যান। গতকাল রোববার তার বাড়ির
পাশে মরদেহ ভেসে উঠে। হাদি নলকট গ্রামের প্রবাসী কাছা মিয়ার ছেলে।
অন্যদিকে ছাতক পৌরসভার কানাখালি রোডের
আখড়া এলাকায় পিযুষ (৪০) ও ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর এলাকার জুনেদ
(২৭)
পানিতে ডুবে মারা গেছেন। জুনেদ গত শনিবার ছাতক থেকে বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন।
গতকাল রোববার তার মরদেহ উদ্ধার করা হয়। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা
মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সুনামগঞ্জের ছাতকের জাউয়া বাজার থেকে
নিখোঁজ স্কুল ছাত্রী হানিফা বেগমের (৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার
বিকেলে পার্শ্ববর্তী কাইতকোনা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হানিফা
বেগম শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা গ্রামের মৃত জিলু মিয়ার কন্যা। মামার বাড়িতে
বেড়াতে এসে বানের পানিতে ডুবে মারা যায় হানিফা। নিহতের মামা ছফেদ আলী পীর তার
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
অপরদিকে, মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার ২নং
ওয়ার্ডের আদিত্যের মহাল এলাকায় ঢলের পানিতে গত শনিবার তলিয়ে যাওয়া এক শিশুর মরদেহ
উদ্ধার করা হয়েছে। তবে ওই শিশুর নাম জানা যায়নি।










