বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করে নেপালের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে প্রায় তিন হাজার নেপালি শিক্ষার্থী মেডিক্যালসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করছে। তিনি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতা চান ও ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

নেপালের রাষ্ট্রদূত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, ‘বাংলাদেশ ও নেপালের কিছু নদীর উৎসমুখ একই বিধায় বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণের ক্ষেত্রে দুই দেশ পরস্পরকে সহযোগিতা করতে পারে। সে অনুযায়ী, নেপাল বাংলাদেশকে বন্যা পূর্বাভাসের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত।’ তিনি এ সময় দুই দেশের মধ্যে পারস্পরিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।