সিলেট নগরীতে মশার উপদ্রব কিছুতেই কমছে না। বরং বৃষ্টি শুরু হওয়ার পর আরও বেড়েছে। এর মধ্যে নগরীর দুটি ওয়ার্ডের ৫টি স্থানে পাওয়া গেছে ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার লার্ভা। ফলে করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সিলেটে নতুন আতঙ্ক হয়ে আবির্ভুত হয়েছে ডেঙ্গু।

জানা গেছে, চলতি সপ্তাহে সিলেট সিটি করেপোরেশনের (সিসিক) অভিযানে নগরীর ২৫ এবং ২৬ নং ওয়ার্ডের ৫টি স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। 

তবে সিসিক কর্তৃপক্ষ বলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এরই মধ্যে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচির বিশেষ অভিযান শুরু করা হয়েছে। এ ব্যাপারে জুলাই পর্যন্ত একটি পরিকল্পনা করা হয়েছে। যে দুটি ওয়ার্ডে লার্ভা পাওয়া গেছে সেখানে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে। 

সিটি করপোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা দাবি করছেন, ডেঙ্গু মোকাবেলায় গতবার প্রস্তুতিতে ঘাটতি থাকলে এবার পুরোদমে  প্রস্তুত সিসিক। যদিও করোনা প্রাদুর্ভাবের কারণে এই কর্মসূচিতে বেশ পরিবর্তন এসেছে। তারা আরো বলছেন, গতবছর প্রাথমিক পর্যায়ে নগরির ৬ থেকে ৭টি ওয়ার্ডে এডিস মশার অস্তিত্ব পাওয়া গিয়েছিল। এবার মাত্র দুটি ওয়ার্ডে পাওয়া গেছে। ১৫ জুন থেকে আবার লার্ভা অনুসন্ধান কাজ শুরু হবে। এর মধ্যে মশকনিধন কর্মসূচিও চলমান থাকবে।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, গত শনিবার থেকে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচীর বিশেষ অভিযান শুরু করা হয়েছে।  এবার একটি স্বস্তির বিষয় হল গতবার যেভাবে ঢাকা থেকে রোগীরা এসে স্থানীয়দের আক্রান্ত করেছিলেন সেই শঙ্কাটা এখন পর্যন্ত নেই। কারণ সারাদেশ লকডাউন রয়েছে।