আবুল হাসান রুবেলকে আহ্বায়ক ও দেওয়ান আবদুর রশিদ নীলুকে সদস্য সচিব করে গণসংহতি আন্দোলন-জিএসএ ৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে।
আজ সোমবার গণসংহতি আন্দোলন-জিএসএর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়ার পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।
গতকাল সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে জিএসএর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ কমিটির কর্মপরিকল্পনা, দায়িত্ব বণ্টন এবং ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা নিয়ে আলোচনা হয়। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, দলীয় গঠনতন্ত্র ও রাজনৈতিক নীতিমালার আলোকে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ের বিষয়ে কাজ করবে এই কমিটি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— জিএসএর রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অপরাজিতা চন্দ, জাহিদুর রহমান সুজন, আবু রায়হান, সাইফুল্লাহ সিদ্দিক রুমন এবং কেন্দ্রীয় পরামর্শক পরিষদের সদস্য গ্রুপ ক্যাপ্টেন মো. খালেদ হোসাইন (অব:)।










