নারায়ণগঞ্জের ফতুল্লায় শামীম (৩০) নামে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বেলা পৌনে ১টার দিকে ফতুল্লার ইসদাইর রেললাইন-সংলগ্ন রাজ্জাকের ভাঙাড়ি দোকানের সামনে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলী ও আসিন নামের দুজনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম জানান, নিহত শামীম মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার পাড়াগাঁও গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্বশুরবাড়ি ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার শহীদ হোসেনের ভাড়া বাসায় থেকে গ্যাস সিলেন্ডারের ব্যবসা করেন।
শামীমের স্ত্রী শর্মী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কোনো একজন ফোন করে জানান, আমার স্বামীকে রাজ্জাকের ভাঙারির দোকানে আটকে রেখে কয়েকজন মিলে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে আছে।
ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) রাজিবুজ্জামান জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।










