মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ফারজানা জুবাইদী শিমকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে প্রস্তাবক ও সমর্থকের পাশাপাশি ১০০ জন ভোটারের সমর্থনের তালিকা জমা দেয়া বাধ্যতামূলক। এই তালিকায় দুই জন ভোটারের তথ্যে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।
মেয়র পদে অন্য তিনজন প্রার্থী হলেন- আওয়ামী লীগ সমর্থিত মো. রমজান আলী, বিএনপি সমর্থিত মো. আতাউর রহমান আতা এবং স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন আহাম্মেদ যাদু।
এখন নির্বাচনের মাঠে রয়েছে এই তিন মেয়র এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের প্রার্থীরা। এছাড়া ৫০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৯ নং ওয়ার্ডের মো. উজ্জল হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।









