ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা উপলক্ষে আজ বুধ ও আগামীকাল বৃহস্পতিবার (১ ও ২ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। সঙ্গে রয়েছে শুক্রবারের (৩ মার্চ) সাপ্তাহিক ছুটি। তবে এ সময় স্বাভাবিক থাকবে দুই দেশের যাত্রী পারাপার।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, গত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ২ মার্চ নির্বাচনের ফল ঘোষণা করা হবে। এ উপলক্ষে ১ ও ২ মার্চ পুরো ত্রিপুরা রাজ্যজুড়ে পরিবহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

এ কারণে ভারতীয় ব্যবসায়ীরা বুধবার ও বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরো জানান, তবে ৩ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ৪ মার্চ থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।