পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে সিলেট জেলায় ৪৮ ঘণ্টার পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলছে। আজ সোমবার সকাল থেকে বিভিন্ন স্থানে পিকেটিং করছে শ্রমিকরা। তারা পণ্যবাহী পরিবহন আটকে দিচ্ছে। সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক—শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সিলেট জেলার মধ্যে এ ধর্মঘট চলছে।
সরেজমিনে দেখা গিয়েছে, সকালে নগরীর ট্রাক টার্মিনাল এলাকাসহ বিভিন্ন পয়েন্টে মিছিল করেছেন শ্রমিকরা। এসময় তারা তাদের দাবি বাস্তবায়নের দাবিতে স্লোগান দিতে থাকেন। শ্রমিকরা জানান, সকাল থেকে জেলার কোনো স্থান থেকে ট্রাক, ট্যাংক লরি, কাভার্ডভ্যান, পিকআপসহ পণ্যবাহী যানবাহন ছেড়ে যায়নি। ধর্মঘটের কারণে ট্রাক টার্মিনালসহ জেলার বিভিন্নস্থানে আটকা পড়েছে পণ্যবাহী শত শত ট্রাক।
এদিকে, বিষয়টি নিয়ে গতকাল রোববার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে পরিবহন শ্রমিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সে বৈঠকে বিষয়টির কোনো সমাধান হয়নি। শ্রমিক নেতাদের প্রতি ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানানো হলেও নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন তারা।
এ ব্যাপারে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক গোলাম হাদী ছয়ফুল জানান, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছে। তিনি দাবি আদায় না হলে পুরো বিভাগে ধর্মঘট ডাকা হবে বলে জানান। তিনি বলেন, গত ৫ বছর ধরে কোয়ারি বন্ধ থাকার কারণে ট্রাক মালিকদের পণ্য পরিবহণে ভাটা পড়েছে। এ অবস্থায় শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।
উল্লেখ্য, সিলেটের ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং এবং লোভাছড়া পাথর কোয়ারিগুলো থেকে বছরের পর বছর ধরে সারা দেশের পাথর সরবরাহ করা হয়ে আসছিল। গত ৫ বছর ধরে কোয়ারি বন্ধ থাকার কারণে সিলেটের পরিবহন খাত— বিশেষ করে ট্রাক মালিক ও শ্রমিকরা পড়েছেন চরম সংকটে। ব্যবসা বাণিজ্য পরিবহন সর্বক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হয়েছেন কোয়ারি সংশ্লিষ্টরা। এই পরিস্থিতিতে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক—শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের ডাক দেয়।









