দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১০ পরিচালক ও ৪৮ উপপরিচালককে বদলি করা হয়েছে। গতকাল দুটি পৃথক আদেশে তাদের রদবদলের কথা জানান সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমীন। পরিচালকদের মধ্যে ফিরোজ মাহমুদকে বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ বিভাগ থেকে গবেষণা ও পরীক্ষণ বিভাগে পাঠানো হয়েছে। ঢাকা বিভাগীয় কার্যালয় পরিচালক মোরশেদ আলমকে এনআইএস ও ইউএনসিএসির ফোকাল পয়েন্ট করা হয়েছে।
পরিচালক আব্দুল করিমকে বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগ-২ থেকে সিস্টেম উন্নয়ন ও সমন্বয় বিভাগে পাঠানো হয়েছে। এসএম মফিদুল ইসলামকে অনুসন্ধান ও তদন্ত-৪ থেকে অনুসন্ধান ও তদন্ত-৬ বিভাগে সরানো হয়েছে। পরিচালক মোহাম্মদ জহিরুল হুদাকে অনুসন্ধান ও তদন্ত-৪-এ পাঠানো হয়েছে। মীজানুল ইসলামকে দেয়া হয়েছে বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২-এর দায়িত্ব। পরিচালক আবুল হোসেনকে পাঠানো হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে।










