বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। আজ শনিবার (২৩ মে) সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। দল দুটোর সংশ্লিষ্ট সূত্র বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।

গত কয়েক দিন ধরেই রাজনীতিতে চরম অস্থিরতা চলছে। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান বলে গতকাল খবর বের হয়। তবে আজ শুক্রবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এক ফেসবুক জানিয়েছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। যদিও কিছুক্ষণ পর তিনি সে স্ট্যাটাস ডিলিট করে দিয়ে জানান, এটি তার ব্যক্তিগত মতামত সরকারি নয়।

এর আগে বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছিলেন দেশের চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় দেখা করার পর তিনি এ তথ্য জানান।

সংশ্লিষ্ট একটি সূত্র বণিক বার্তাকে জানিয়েছে, এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের বিষয়ে আলোচনা হয়েছে। এমনকি পদত্যাগের আগে জাতির উদ্দেশে দেয়ার জন্য ভাষণের একটি খসড়াও করা হয়েছিল। ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন—এমন খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নাহিদ ইসলাম।

যমুনা থেকে বের হয়ে নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না, এমন শঙ্কা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।’ প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন জানিয়ে নাহিদ ইসলাম বলেছেন, ‘যদি কাজ করতে না পারেন, থেকে কী লাভ। উনি বলছেন, এ বিষয়ে (পদত্যাগ) ভাবতেছেন। ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এ রকম যে তিনি কাজ করতে পারবেন না।’