নারায়ণগঞ্জে বিদ্যুত্স্পষ্ট হয়ে একই পরিবারের তিন নারীর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১টার দিকে নগরীর দেওভোগের আখড়া এলাকায় মৃত বৃন্দাবন ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন দেওভোগ এলাকার রঞ্জিত ঘোষের স্ত্রী বিমলা রানী ঘোষ (৫৩), নিখিল
ঘোষের স্ত্রী বাসন্তী রানী ঘোষ (৪২) ও দীপক ঘোষের স্ত্রী মণি রানী ঘোষ (৩৮)। তারা সবাই সম্পর্কে জা হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওভোগ আখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাড়িতে তিন জা গতকাল দুপুরে বৃষ্টির সময় কাজ করছিলেন। বাড়িতে প্রবেশের চিকন গলিতে সাঁটানো কেচি গেট পরিষ্কার করতে গিয়ে বড় জা বিমলী রানী ঘোষ বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। পাশে দুই জা বাসন্তী রানী ঘোষ ও মণি রানি ঘোষ ঘরের থালাবাসন পরিষ্কার করছিলেন। এ সময় বড় জা বিমলাকে ছাড়াতে গেলে তারা বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে আশপাশে লোকজন এসে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সাইদুজ্জামান জানান, বিদ্যুত্স্পৃষ্টে একই পরিবারের তিন গৃহবধূ মারা গেছেন। প্রথমে একজন বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে অন্য দুজন একে একে তাকে স্পর্শ করলে তারাও স্পৃষ্ট হন। এভাবে তিনজনই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান। পরিবারের আবেদনের প্রেক্ষিতে তিনজনের মরদেহ পোস্ট মর্টেম ছাড়াই সত্কার করার জন্য হস্তান্তর করা হয়েছে।










