সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় বঙ্গবন্ধু ইকোপার্ক থেকে রুবেল রানা (২৫) নামে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। তিনি টাঙ্গাইলের কালিহাতী থানার শ্যামশৈল গ্রামের আব্দুল লতিফের ছেলে ও বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর শ্রমিক সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তবে এ ঘটনায় গতকাল রাত ৯টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি। পাশাপাশি এ ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার এসআই দয়াল ব্যানার্জী নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, রুবেল রানা বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর শ্রমিক সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাড়ি থেকেই কর্মস্থলে আসা-যাওয়া করতেন। গত বুধবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু ইকোপার্কে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পেশাগত বিরোধ থেকে হত্যাকাণ্ডটি ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, বঙ্গবন্ধু ইকোপার্ক কর্তৃপক্ষ মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলের মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে গতকাল বিকালে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।