সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের একটি আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূ ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
নিহত গ্রহবধু ফাতেমা বেগম (৪০) উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের শেখ হাসানের স্ত্রী ও যুবক করিম পাড় (৩০) শ্যামনগর উপজেলার ধুমঘাট দক্ষিণপাড়ার জয়নাল পাড়ের ছেলে।
স্থানীয়রা ধারণা করছেন, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে পুলিশ বলছে, এটি হত্যা নাকি আত্মহত্যা, এখনই বলা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে তদন্ত চলছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, একটি আমগাছে ডালে একই রশিতে (শাড়ি বা ওড়না জাতীয় কাপড়ে) দুই পাশে ঝুঁলছিল দুই মরদেহ। মুত্যুর কারণ হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
তিনি আরো বলেন, যুবকের শরীরে আমরা কোন আঘাতের চিহ্ন পাইনি। তবে গৃহবধুর মুখে ও গলায় আচড়ের দাগ রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।










