রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী
প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান,
সাক্ষাৎকালে সেনাপ্রধান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে
অবহিত করেন।
এছাড়া তিনি দেশব্যাপী আইন-শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে
সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন।
রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক দেশের সার্বিক আইন-শৃঙ্খলা
পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা
করেন।
এছাড়া রাষ্ট্রপতি দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায়
বানভাসি মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং দুর্গত এলাকায় উদ্ধারকার্যে সেনাবাহিনীর কর্মকাণ্ডেরও
প্রশংসা করেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।










