একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারা বলছে, একটা মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। তবে তার আগে ইহকালে কীভাবে চলব, এ বিষয়ে কোনো বক্তব্য নেই। যে দলের কোনো নীতি-আদর্শ নেই, কোনো পরিকল্পনা নেই, শুধু ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদের জনগণ এরই মধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।’

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছে, সেটার বাসস্ট্যান্ড কোথায়—আগে একটু জেনে নেবেন। জনগণ এগুলো বোঝে। আর বিএনপি যা করছে, সেগুলো হচ্ছে প্ল্যানিং। যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগে থেকে পরিকল্পনা প্রণয়ন না করি তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম।’

সালাহউদ্দিন আরো বলেন, ‘আমরা দেশের মানুষের কাছে সমর্থন চাইছি, ভোট চাইছি। জনগণ আমাদের কাছে কী চায়, তা আমাদের দিতে হবে। আমরা তো কেবল ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, আমাদের সুষ্ঠু পরিকল্পনা কী আছে সেটা জনগণের সামনে রাখা।’

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জন্ম থেকে শাহাদত বরণ পর্যন্ত এবং দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতিতে পদার্পণ থেকে আজ পর্যন্ত, আমাদের অহংকার তারেক রহমানের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস, এখন পর্যন্ত—এই তিনটি বিষয় বিশ্লেষণ করলে পরিষ্কার হয়ে যাবে, বাংলাদেশ মানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল।’

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি বলেছি গণতন্ত্রের অন্য নাম হচ্ছে বিএনপি। কারণ ১৯৭৫ সালের ৭ নভেম্বর তৎকালীন মেজর জিয়াউর রহমান সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন। তারপর ১৯৭৯ সালে প্রাতিষ্ঠানিকভাবে চতুর্থ সংশোধনী বাতিল করে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রচলন করেছিলেন। সেই পঞ্চম সংশোধনী আমাদের জানতে হবে।’