গাইবান্ধার সাঘাটা উপজেলায় অটোরিকশাচালক রুবেল হত্যাকাণ্ডের ৪০ দিন পর পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল এক সংবাদ সম্মেলনে গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন এ তথ্য জানান। 

নিজ কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সাঘাটা উপজেলার বাদিনারপাড়ার আজগর আলীর ছেলে অটোরিকশাচালক রুবেল হোসেন গত ১৯ মার্চ রাতে নিখোঁজ হন। পরদিন ওই এলাকার একটি ভুট্টাখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সাঘাটা থানায় ২০ মার্চ মামলা করা হয়। মামলার পর থেকে পুলিশ হত্যাকারীদের খুঁজে বের করতে মাঠে নামে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গাইবান্ধার পুলিশ অভিযান চালিয়ে ওবায়দুল ইসলাম, জসিম মিয়া ও রুবেল মিয়াকে ঢাকার সাভার উপজেলার জিরাবো এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তাদের দুজনের বাড়ি সাঘাটা উপজেলার বাদিনারপাড়া এলাকায় ও জসিম মিয়ার বাড়ী বরিশাল জেলায়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

গ্রেফতারকৃতরা পুলিশের কাছে জানান, ঢাকায় যাওয়ার মতো টাকা না থাকায় তারা অটোরিকশা ভাড়া নেন। নির্জন স্থানে গিয়ে চালক রুবেলকে শ্বাসরোধে হত্যা করে ভুট্টাখেতে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যান। পরে অটোরিকশাটি সাঘাটার বারোকোনা বাজারের সাজু মিয়া ও রেজাউল করিমের কাছে ৯ হাজার টাকায় বিক্রি করে ঢাকায় চলে যান তারা।