নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন
জমির সীমানাপ্রাচীর, প্রধান ফটক ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই জমির মালিকের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল ভোর রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের বীর হাটাবো গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত জমির মালিক মাইনুল ইসলাম জানান, ১৩ বছর আগে বীর হাটাবো মৌজায় আরএস ৩১ ও ৩২ নং দাগে জনৈক ইঞ্জিনিয়ার আজিজুর রহমান আট শতক জমি কিনে চারদিকে সীমানাপ্রাচীর নির্মাণ করে ভোগদখল করছিলেন। তার কাছ থেকে তিনিসহ তার ভাইবোনরা ক্রয় করে সেখানে ফটক ও বিদ্যুতের লাইন স্থাপন করেন।
এদিকে কয়েকদিন ধরে একই এলাকার সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মিয়া জমির মালিকানা দাবি করে তাদের উচ্ছেদের চেষ্টা চালাচ্ছিলেন। এরই জেরে গতকাল সাহরির সময় ইব্রাহিমসহ ২০/২৫ জন হ্যামার, শাবল নিয়ে এসে ওই জমির চারপাশের সীমানাপ্রাচীর ভেঙে ফেলেন। এ সময় তারা লোহার ফটক তুলে নিয়ে যায় এবং বিদ্যুতের মিটার থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ সময় মাইনুলের ভগ্নিপতি বাধা দিলে তাকে ধাওয়া করেন ইব্রাহিম ও তার লোকজন।
এ ব্যাপারে ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি
বলেন, আমি জমিতে ওয়ারিশ কিনে মালিক হয়েছি। তারা জোরপূর্বক আমার জমি দখল করে রেখেছে। তাছাড়া
ভাংচুরের সঙ্গে আমি জড়িত নই।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, জমির সীমানাপ্রাচীর ভাংচুরে খবর শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।










