স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অন্যান্য দেশের ‍তুলনায় বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ কম। সংক্রমণ আরো কমাতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে, শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, অসুস্থ্য হলে করোনার টেস্ট করাতে হবে। ভ্যাকসিনের অপেক্ষায় না থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চললে এমনিতেই করোনার সংক্রমণ কমে যাবে।

আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) আয়োজিত রাস্তা প্রশস্তকরণ এবং মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ভারত, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশেই করোনা সংক্রমণ অনেক বেশি। সে তুলনায় বাংলাদেশে জনসংখ্যা অনুপাতে করোনা সংক্রমণ বিশ্বের যে কোনো দেশের চাইতে অনেক কম। করোনা সংক্রমণ কমিয়ে রাখা সম্ভব হয়েছে স্বাস্থ্যসেবা ভালো থাকার কারণে। 

আজ ১০ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জ-বাংলাদেশ হাট-তিল্লী-ছনকা-নাগরপুর ২২ কিলোমিটার  রাস্তার প্রশস্তকরণ এবং মেরমাত কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আযম আপেল, শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী মাইজ ভান্ডারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।