দেশের সকল প্রতিষ্ঠান নির্বাচিত প্রতিনিধি দিয়ে পরিচালিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৩০ ডিসেম্বর) নীলফামারীর দুরাছুরি দাখিল মাদরাসা মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারের কাছে বাসস্থানের চাবি হস্তান্তর ও ২৪ এর গণঅভ্যুত্থানে চার জেলার শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, আমরা এমন একটি সরকার চাই, যে সরকার মানুষের কথা বলবে। যে সরকার মানুষের পাশে থাকবে। জনগণের স্বাস্থ্য ও শিক্ষার জন্য কাজ করবে। বর্তমানে যে দেশে আমি আছি। সেই দেশের সরকার নির্বাচন প্রক্রিয়ায় গঠিত হয়। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। মসজিদ কমিটি থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা, সিটি করপোরেশন, সংসদ নির্বাচনসহ সকল প্রতিষ্ঠান নির্বাচিত প্রতিনিধি দিয়ে পরিচালিত হবে।
বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণ, রাজনৈতিক সকল ক্ষমতার উৎস জনগণ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। মসজিদ কমিটি থেকে সংসদ পর্যন্ত নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে পরিচালিত করতে হবে। তাহলে দেশের সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান সম্ভব।
স্বৈরাচার পালিয়ে গেলেও প্রেতাত্মারা আনাচে কানাচে ছড়িয়ে আছে উল্লেখ করে তারেক রহমান বলেন, গোলাম রব্বানীরা চেয়েছিলেন গ্রামেগঞ্জে দেশের মানুষের সমস্যাগুলো সমাধান করতে সরকার যেন বাধ্য থাকে। শহীদ পরিবারগুলো চেয়েছিল সামগ্রিকভাবে এমন একটি দেশ গড়ে তোলা; যে দেশে কৃষক বীজ পাবে, সার পাবে। মানুষ স্বাস্থ্য ও শিক্ষা সেবা পাবে। রাস্তাঘাটে নিরাপত্তা পাবে। গোলাম রব্বানীদের সেই কথা সে দিনের স্বৈরাচার শুনতে চায়নি। স্বৈরাচার পালিয়ে গেলেও প্রেতাত্মারা আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের থেকে সচেতন ও সতর্ক থাকতে হবে।










