যেকোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমাকে অনেকে ভুল বুঝে বলে থাকেন আপনি এত নির্বাচন নির্বাচন করেন কেন? বিশেষ করে ছাত্ররা তো বলেই। নির্বাচন চাওয়ার কারণ একটাই-আমরা বিশ্বাস করি, জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যেকোনো নির্বাচিত সরকার কিন্তু অনির্বাচিত সরকারের থেকে ভালো। আমার অ্যাকসেস থাকে, আমি যেতে পারি, কথা বলতে পারি। আমার কিন্তু এখন সে জায়গাটা নেই।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গ্রন্থ আড্ডায়’ বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এখনই নির্বাচন করে ফেলতে হবে, আমরা তা বলছি না। ন্যূনতম যে সংস্কারটা, সেটা করে নির্বাচন করলে সমস্যাগুলো অনেকটা সমাধান হবে।

তিনি আরো বলেন, সংস্কারের প্রস্তাব আসতে শুরু করেছে। আমার বিশ্বাস, আমাদের প্রধান উপদেষ্টা খুব শিগগিরই এসব বিষয় নিয়ে আমাদের ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐকমত্যের ভিত্তিতে আমরা একটা জায়গায় পৌঁছাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আবদুস সালাম। সাবেক ছাত্রনেতা আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে শিক্ষাবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, শিক্ষানুরাগী আফরোজা খানম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, শিক্ষক নেতা জাকির হোসেন, সমাজকর্মী সাইয়িদ আবদুল্লাহ, জিয়া স্মৃতি পাঠাগারের জহির দিপ্তী, মঞ্জুর এলাহী, কাজী জহিরুল ইসলাম, হাসান আল আরিফ প্রমুখ বক্তব্য দেন।