তাদের মধ্যে নরসিংদী ও সাভারে তিনজন করে এবং জামালপুর ও নেত্রকোনায় একজন করে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত:
সাভার: বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় বজ্রপাতে গতকাল তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সাভারের বনগাঁও ইউনিয়নের পাঁচআনি পাড়া গ্রামের মৃত বুদ্দু বেপারির ছেলে দ্বীন ইসলাম ওরফে কুদি বেপারি (৪৫), মো. দুলাল (৬০) এবং অজ্ঞাত পরিচয় একজন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন।
জামালপুর: মাদারগঞ্জ উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে গতকাল বজ্রপাতে মুসা ফকির (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মুসা ফকির উত্তর চরবওলা গ্রামের মরহুম মহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে বাড়ির গরুর খাদ্যের জন্য পাশের মাঠে ঘাস কাটতে যান মুসা ফকির। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা: বারহাট্টা উপজেলায় বৃষ্টির মধ্যে ফাঁকা মাঠে ঘাস খেতে দেয়া গরু আনতে গিয়ে বজ্রপাতে জাহাঙ্গীর তালুকদার (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার বারহাট্টা ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর তালুকদার উপজেলার সদর ইউনিয়নের বড়গাঁও গ্রামের মৃত আব্দুর রাশিদ তালুকদারের ছেলে।
নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরো এক ছাত্র গুরুতর আহত হয়েছে। বজ্রপাতে মৃত শিক্ষার্থীরা হলো জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে। তারা সবাই ওই মাদ্রাসায় থেকে লেখাপড়া করত। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, মাগরিবের নামাজের আগে মাদ্রাসায় অজু করার সময় চার ছাত্র আহত হয়। এ সময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।










