তিনদিনের মধ্যে ওমরাহ হজের টিকিট ইস্যু না করলে স্বয়ংক্রিয়ভাবে বুকিং বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে। এর ফলে সিন্ডিকেটের মাধ্যমে গ্রুপ টিকিট বুকিং দিয়ে অতিরিক্ত দামে বিক্রির সুযোগ বন্ধ হয়েছে।’

গতকাল দুপুরে কক্সবাজারে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল মসজিদ প্রকল্পের পরিচালক শহীদুল আলমসহ সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

উপদেষ্টা বলেন, ‘এখন সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর দিয়ে টিকিট বুকিং করতে হবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ-তিনগুণ দাম বাড়িয়ে দেবেন, এটা আর হবে না। এজন্য একটি নীতিমালাও তৈরি করা হয়েছে।’

ড. খালিদ বলেন, ‘কক্সবাজারে সুদূর অতীত থেকেই সম্প্রীতির একটা আবহ বিরাজ করছে। এখানে সাম্প্রদায়িক কোনো নৈরাজ্য, ভুল বোঝাবুঝি নেই। মডেল মসজিদের মাধ্যমে ভ্রাতৃত্বের এ পয়গাম কক্সবাজারে ছড়িয়ে পড়বে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মডেল মসজিদে একসঙ্গে ১১০০ জন নামাজ আদায় করতে পারবে। এখানে নারী ও শারীরিক কিংবা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য আলাদা অজুখানা ও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া গাড়ি পার্কিং, মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা, কনফারেন্স রুম, অডিটোরিয়াম, কুরআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, পাঠাগার, ইমাম প্রশিক্ষণসহ বিভিন্ন আঙ্গিকে মডেল মসজিদটি সাজানো হয়েছে।