ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের
প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে। আজ
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধিদলের
সঙ্গে বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।
গণমাধ্যমকে তিনি বলেন,
ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে বৈপ্লবিক পরিবর্তনের
প্রেক্ষাপটে সরকার যে সকল পদক্ষেপ নিয়েছে সেসব সম্পর্কে আমরা প্রতিনিধি দলকে অবহিত
করেছি। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার
অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানার আগ্রহ
ব্যক্ত করেছেন তারা।
পররাষ্ট্র সচিব আরো বলেন,
দ্রুত সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এ সরকারের বিশেষ
অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতে সংস্কারের বিষয়ে যুক্তরাষ্ট্রের
সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ
বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা,
রোহিঙ্গা মানবিক সহায়তাসহ নানান বিষয়ে আমরা আলোচনা করেছি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে এক মাসের একটু বেশি আগে। এই পরিবর্তিত পরিস্থিতি ও সরকারের সংস্কারের বিষয়ে যেসব ধ্যানধারণা রয়েছে তাতে যুক্তরাষ্ট্র কীভাবে সম্পৃক্ত হতে পারে তা নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। এই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এই অর্থে যে, পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র একটি সম্যক ধারণা পেয়েছে। পাশাপাশি, সরকার কী করতে চায় সে সম্পর্কেও ধারণা পেলেন তারা। আমরা আশা করি, যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থপূর্ণ কর্মকাণ্ডের ভিত্তি তৈরি করেছে এই আলোচনা। পরবর্তিতে বিভিন্ন পর্যায়ে আমরা এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাবো।










