জেসিকা পেগুলার রূপকথা থামালেন আরিনা সাবালেঙ্কা। প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন আমেরিকান বিলিয়নেয়ার টেরি পেগুলার ৩০ বছর বয়সী কন্যা। যদিও গ্র্যান্ড স্লাম শিরোপা ছুঁয়ে দেখা হলো না তার। স্বাগতিক দেশের খেলোয়াড়টিকে ৭-৫, ৭-৫ গেমে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের শিরোপা জিতেছেন বেলারুশিয়ান তারকা আরিনা সাবালেঙ্কা। 

নিউইয়র্কে হৃদয় ভাঙার গল্প আছে সাবালেঙ্কার। গত বছর ফাইনালে তিনি হেরেছেন আমেরিকান তারকা কোকো গাফের কাছে, এবার সফল হলেন। ২৬ বছর বয়সী সাবালেঙ্কার এটা তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে দুবার জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। গত জানুয়ারিতে সফলভাবে তিনি অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা ধরে রাখেন।

ঠিক ১২ মাস আগের ফাইনালে কোকো গাফের কাছে হেরে চোখের জলে বিদায় নিয়েছিলেন সাবালেঙ্কা। তখন লকার রুমে নিজের র‍্যাকেট ভাঙতে দেখা যায় তাকে। যদিও সে শোককে শক্তিতে পরিণত করে এবার বিজয়ীর হাসি হাসলেন তিনি। এটাই ফ্ল্যাশিং মিডোয় তার প্রথম শিরোপা। ইউএস ওপেনে ২০২১ সালের সেমিফাইনালে লেইলাহ ফার্নান্দেজের কাছে ও ২০২২ সালে ইগা তিয়ানতেকের কাছে হেরে যান তিনি।