গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকা থেকে হেলেনা আকতার (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৮ এপ্রিল) সকালে পৌরসভার ববনপুর (বাঘমারা) শ্মশানঘাট থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে স্থানীয় এক কৃষক শ্মশানঘাটের একটি গাছে ঝুলন্ত অবস্থায় কিশোরীর মরদেহ দেখতে পান। পরে পুলিশকে জানানো হলে তারা গিয়ে সেটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা গিয়ে মরদেহটি হেলেনার বলে শনাক্ত করেন।

হেলেনার চাচা মাসুদ আলী জানান, বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ হয় হেলেনা। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। হেলেনা মানসিক ভারসাম্যহীন ছিল। এর আগেও বেশকয়েকবার আত্মহত্যার চেষ্টা করে সে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন বলেন, ওই কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর  হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।