কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মারুফের মরদেহ দুদিন পর উদ্ধার করা হয়েছে।

গতকাল দুপুরে সৈকতের সি-গাল পয়েন্টের অদূরে সাগরে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।

উদ্ধার হওয়া মো. মারুফ আহমদ (১৯) গাজীপুর জেলার কাপাসিয়া থানার ফুলবাড়িয়া এলাকার রেজাউল করিমের ছেলে এবং গাজীপুর মেট্রোপলিটন কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থী।

সোমবার দুপুরে বৈরী আবহাওয়ার মধ্যে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে মারুফ আহমদসহ তিন বন্ধু মিলে গোসলে নামেন। একপর্যায়ে সাগরের উত্তাল ঢেউয়ের স্রোতের টানে তারা ভেসে যান। এ সময় মাসুম নামের একজন কোনো রকম চেষ্টা করে কূলে উঠে এলেও অন্য দুজন ভেসে যান। পরে স্থানীয় লাইফ গার্ড কর্মীরা জেটস্কির (ওয়াটার বাইক) সহায়তায় শাওন হোসেন নামের একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় নিখোঁজ হন মারুফ আহমদ। পরে সৈকতের বিভিন্ন পয়েন্টে নিখোঁজ মারুফের সন্ধানে উদ্ধার তত্পরতা চালান লাইফ গার্ড কর্মী, বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, গতকাল দুপুরে কক্সবাজার সৈকতের সি-গাল পয়েন্টের অদূরে সাগরে একটি মৃতদেহ ভেসে আসার তথ্য জানান স্থানীয় জেলেরা। এ খবরে স্থানীয় লাইফ গার্ড কর্মীরা জেটস্কির সহায়তায় ভাসমান অবস্থায় নিখোঁজ থাকা পর্যটক মারুফ আহমদের মৃতদেহটি উদ্ধার করেন।