আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যক্তিগত গাড়িচালক ইলিয়াসের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে কর্ণফুলী থানার চরলক্ষ্যা শিকলবাহা এলাকায় এ অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় আরামিট পিএলসির এজিএম উৎপল পাল ও আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজকে গ্রেফতার করে দুদক। আদালতের মঞ্জুর করা ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই শনিবার রাতে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকারী দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, সাইফুজ্জামান জাবেদের স্ত্রী রুখমিলা জামানের গাড়িচালক ইলিয়াসের শিকলবাহার বাড়িতে অর্থপাচার ও দেশীয় ব্যবসার বিভিন্ন নথি লুকিয়ে রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযান চালানো হতে পারে এমন আশঙ্কা থেকে গাড়িচালক ইলিয়াস সেই সব নথি গোপনে ওসমান তালুকদার নামের এক ব্যক্তির বাসায় রাখে। পরে সেখানে অভিযান চালিয়ে প্রায় ২৩ বস্তা নথি জব্দ করা হয়। এসব নথি বিদেশে টাকা পাচার ও বিভিন্ন ব্যবসা সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের হতে পারে। নথিগুলো পর্যালোচনা করে বিস্তারিত জানা সম্ভব হবে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী, ভাই-বোন এবং ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ ৩১ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।










