আমার বাড়ি আমার খামার প্রকল্প এবং পল্লী সঞ্চয় ব্যাংকের এক হাজারের অধিক গ্রাহকের নামে সঞ্চয় ও ঋণের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক, এক জুনিয়র অফিসার, সুপার ভাইজার ও মাঠ সহকারীসহ আটজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে গত মঙ্গলবার তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। ওই মামলায় পুলিশ এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে।

মামলার অভিযুক্তরা হলেন পল্লী সঞ্চয় ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. মেহেদী হাসান, জুনিয়র অফিসার মো. আব্দুল মুকিত, মাঠ সহকারী শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, আফরিন সুলতানা, গৌতম কুমার, শংকর কুমার ও তপন কুমার।

বিভাগীয় মামলার বরাত দিয়ে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক সাতক্ষীরা জেলা সমন্বয়কারী মো. আব্দুর রহমান বণিক বার্তাকে বলেন, আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক সাতক্ষীরায় কার্যক্রম শুরুর পর থেকে শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান অভিযুক্ত অন্য কর্মকর্তাদের যোগসাজশে প্রকল্প এবং ব্যাংকের গ্রাহকদের সঞ্চয়কৃত ১ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাৎ করেন, যা সম্প্রতি অডিট করে জানা গেছে। এরপর ওই আট ব্যক্তির নামে দায়িত্বে অবহেলা, দুর্নীতি, আত্মসাৎ ও চুরির অভিযোগে গত মঙ্গলবার বিভাগীয় মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জুনিয়র অফিসার মো. আব্দুল মুকিতকে গতকাল গ্রেফতার করেছে।

এ ব্যাপারে সদ্য বরখাস্ত হওয়া শাখা ব্যবস্থাপক ও উপজেলা সমন্বয়কারী মেহেদী হাসান জানান, তিনি নিজে কোনো টাকা আত্মসাৎ করেননি। যারা মাঠপর্যায়ে কাজ করে, তারাই মূলত টাকা আত্মসাৎ করেছে।

পল্লী সঞ্চয়ের ব্যাংক সাতক্ষীরা শাখার দায়িত্বরত ব্যবস্থাপক বিশ্বজিত সরদার জানান, সাতক্ষীরা শাখার কমপক্ষে এক হাজার গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন।