কারাভোগ শেষে ১২ বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারত। বিভিন্ন সময় সীমান্ত পাড়ি দিয়ে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত দেশটিতে আটকা ছিলেন তারা। গতকাল বিকালে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।
দেশে ফেরত আসা বাংলাদেশীরা হলেন সুনামগঞ্জ জেলার জয় হরি রায়ের স্ত্রী জবা রানী রায় ও তার ছেলে জগদীশ রায়, নেত্রকোনার কুদরত আলীর মেয়ে মোছা. বিউটি, চাঁদপুরের আবু তাহেরের ছেলে রিয়াদ হোসেন, যশোরের মো. সুবহান মিয়ার মেয়ে বিনা বেগম ও মো. আজাদ শেখের ছেলে শেখ সাদি, নওগাঁর মো. শাহীর আলীর মেয়ে শাহিনা বেগম, জামালপুরের মো. নরুল ইসলামের ছেলে মো. শামীম মিয়া ও তার ভাই সোহান মিয়া, আকবর আলীর ছেলে মো. ফারুক হোসেন, মো. ফারুক হোসেন ও তার স্ত্রী আসমা বেগম এবং ঝালকাঠির বিপ্লব চন্দ্র অধিকারীর মেয়ে তৃষ্ণা অধিকারী।
ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, ‘১২ বাংলাদেশী অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তী সময়ে তারা ভারতের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। আইনি প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হয়েছে।’









