লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগ নেতা মিরাজ হোসেন পাটোয়ারীকে কুপিয়ে হত্যার ঘটনার মামলায় ৩৭ নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। খালাসপ্রাপ্তরা সবাই উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মী। আসামিপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

খালাসপ্রাপ্তরা হলেন রায়পুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুল আলম আলমাস, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন, বিএনপি নেতা নাজমুল আলম নাজু, কেরোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল আলম বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক শাহ আলমসহ ৩৭ জন।

আসামিপক্ষের আইনজীবী বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় উদ্দেশ্যমূলকভাবে ৩৭ বিএনপি নেতাকর্মীকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। তাদের বিরুদ্ধে সাক্ষীরা কেউই অভিযোগ করেনি। তারা আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন। এতে আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৯ অক্টোবর রাতে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন যুবলীগের সদস্য মিরাজ হোসেন পাটোয়ারীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের মা রানী বেগম বাদী হয়ে ৪২ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্তরা দোষী প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন।