নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। জেলা পুলিশের বিশেষ শাখার (ডিআইওয়ান) ওসি মোমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ রবিবার দুপুরে সোনারগাঁয়ের ললাটি এলাকায় ঢাকা-গাজীপুর-মদনপুর বাইপাস সড়কের পল্লিবিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম আরিফ হোসেন (২৫)।
পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জ পুলিশলাইন্সে কর্মরত কনস্টেবল (নং ১২৩৮) আরিফ হোসেন তার বন্ধুর সাথে দেখা করতে আড়াই হাজারের দিকে যাচ্ছিলেন। মটোরসাইকেলটি বাইপাস সড়কের লালাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মটোরসাইকেল আরোহী আরিফ হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
নিহত আরিফ হোসেন বাড়ি মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামে। তার বাবার নাম মৃত সিরাজুল ইসলাম।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গিয়েছেন। তাকেআটকের চেষ্টা করা হচ্ছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।









