বস্ত্র ও পাট এবং নৌপরিবহন
মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন,
বিদেশে প্রদর্শনী এবং দেশের সুপারশপগুলোতে পাটের পণ্য প্রচার করা হবে। আগামী মাস
থেকে সুপারশপগুলোতে প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ চালু করা হবে।
বৃহস্পতিবার (১২
সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)
পরিদর্শন শেষে মতবিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় পাটের বহুমুখী পণ্য
বিশ্ববাজারে তুলে ধরার প্রতি গুরুত্ব দেন তিনি।
এছাড়াও প্লাস্টিক বন্ধের উদ্যোগ নেয়ায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ধন্যবাদ জানান বস্ত্র ও পাট উপদেষ্টা।
বস্ত্র ও পাট
মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ বলেন, জেডিপিসি পাটপণ্যের বৈচিত্র এবং
উদ্যোক্তাদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মন্ত্রণালয় জেডিপিসির
সীমাবদ্ধতা দূর করে আরো উন্নতির জন্য কাজ করবে।
এ সময় উপদেষ্টা
জেডিপিসির ২৮২টি পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। জেডিপিসির
নির্বাহী পরিচালক জিনাত আরা ও পরিচালক সীমা বোসসহ অন্যান্য কর্মকর্তারা এ সময়
উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুট
ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) পাটপণ্যের উৎপাদন, ব্যবহার ও
সম্প্রসারণে কাজ করছে। দেশের ৬টি পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্রের মাধ্যমে ৯৫২
জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।










