নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী কার্গো জাহাজের ধাক্কায় এমএল আফসার উদ্দিন নামে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় আরো দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত অনুসন্ধান চালিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় আটজনের মরদেহ উদ্ধার করা হলো। এর মধ্যে দুই শিশু, তিন নারী ও তিনজন পুরুষ। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় লঞ্চডুবির ১৭ ঘণ্টা পর গতকাল ভোর ৫টা ৩৫ মিনিটে ডুবে যাওয়া লঞ্চটিকে টেনে নদীর তীরে তোলে। তবে লঞ্চটি উদ্ধারের পর তল্লাশি চালিয়ে উদ্ধারকারীরা কোনো মরদেহ পাননি। ফায়ার সার্ভিসের কাছে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত চারজনের নিখোঁজের তালিকা রয়েছে। এদিকে গতকাল দুপুরে লঞ্চডুবির ঘটনায় বন্দর থানায় দুটি মামলা করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, গতকাল বেলা সোয়া ১টার দিকে স্কুলশিক্ষিকা উম্মে খায়রুল ফাতেমার মরদেহ উদ্ধার হয়। ফাতেমা সোনারগাঁর বৈদ্যরবাজার হারিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। ট্রেনিংয়ের জন্য তিনি মুন্সীগঞ্জে যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্বামী আবু তাহের। আব্দুল্লাহ আল আরেফীন জানান, ঘটনাস্থলের পাশেই নদীর পশ্চিম তীর এলাকা থেকে শিক্ষিকা ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আরো এক পুরুষ যাত্রীর মরদেহ উদ্ধারের তথ্য জানান নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর গোলাম মোস্তাফা। তিনি বলেন, সকাল ১০টা ২০ মিনিটের দিকে প্রিমিয়ার সিমেন্ট এলাকা থেকে এক পুরুষ যাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে।

এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। গতকাল দুপুরে ডুবে যাওয়া লঞ্চসহ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম বেপারী সাংবাদিকদের জানান, দুর্ঘটনাকবলিত লঞ্চ ও কার্গো জাহাজ নদীতে প্রতিযোগিতামূলক বেপরোয়া গতিতে চালাচ্ছিল। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাকি বিষয়গুলো অতিসত্বর তারা তদন্ত শেষ করে প্রতিবেদন আকারে জেলা প্রশাসকের কাছে জমা দেবেন। তিনি আরো বলেন, শীতলক্ষ্যা নদীতে সরু চ্যানেলে জাহাজ নোঙর করে রাখা এবং বেপরোয়া গতিতে প্রতিযোগিতামূলক লঞ্চ বা কার্গো জাহাজ চালানোই অধিকাংশ দুর্ঘটনার মূল কারণ। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. মাসুদ কামাল, নারায়ণগঞ্জ নৌ পুলিশের ওসি মো. মনিরুজ্জামান ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীনসহ অন্যান্য সদস্য।

বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. মাসুদ কামাল জানান, লঞ্চ দুর্ঘটনায় বিআইডব্লিউটিএর উপপরিচালক (নৌ-নিরাপত্তা) বাবুলাল বৈদ্য বাদী হয়ে গতকাল দুপুরে বন্দর থানায় দুটি মামলা করেছেন। একটি সমুদ্র পরিবহন আইনে, অন্যটি ফৌজদারি কার্যবিধি ধারায় মামলা হয়। নারায়ণগঞ্জ নৌ পুলিশের ওসি মো. মনিরুজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।

অন্যদিকে একের পর এক নৌ দুর্ঘটনার কারণে স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলেছেন, শীতলক্ষ্যা নদীতে একের পর এক নৌ দুর্ঘটনা ঘটলেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। কোনো নৌ দুর্ঘটনা ঘটলেই তদন্ত কমিটি হয়। তদন্ত প্রতিবেদনও জমা হয়। তদন্ত প্রতিবেদনের আলোকে কোনো পদক্ষেপ নেয়া হয় না। ফলে প্রতি বছরই শীতলক্ষ্যা নদীতে নৌ দুর্ঘটনায় প্রাণ ঝরছে। নদীর সরু চ্যানেল দিয়ে লঞ্চ, বাল্কহেডসহ নৌযান চলাচল করতে বাধ্য হয়। কার্গো জাহাজের কারণেই এ দুর্ঘটনা ঘটছে। কার্গো জাহাজ নোঙর বন্ধ না করলে এ দুর্ঘটনা ঠেকানো যাবে না বলে মনে করেন স্থানীয় বাসিন্দা সাজ্জাদ হোসেন মোল্লা।

শীতলক্ষ্যা নদীতে সিটি গ্রুপের এমভি রূপসী বাংলা জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় কার্গো জাহাজের আটক মাস্টার, ড্রাইভার, গ্রিজার, ইঞ্জিনিয়ারসহ আটজনকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান। তিনি বলেন, বন্দর থানায় বিআইডব্লিউটিএর পক্ষ থেকে দুটি মামলা করা হয়। মামলা দুটি তদন্ত করবে নৌ পুলিশ। তিনি আরো জানান, নৌ পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যক আসামিকে সাতদিন করে রিমান্ডের আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।