ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বর্জ্যে থাকা ১ কেজি ১৬ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকাল ৮টায় কাতারের দোহা থেকে আসে বিমানের ফ্লাইটটি। বিমানের আবর্জনার ট্রলি স্ক্যান করে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ পাওয়া যায়।
কাস্টমস সূত্রে জানা যায়, ১ কেজি ১৬ গ্রাম ওজনের স্বর্ণের মোট ১০টি বার পাওয়া গেছে। যার মূল্য আনুমানিক ১ কোটি টাকা।
বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ জানান, কাতার থেকে আসা বিমানের ফ্লাইটটিতে স্বর্ণের চালান আসছে এমন তথ্য আগে থেকেই জানা ছিল। ফলে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকে কাস্টমস কর্তৃপক্ষ। ফ্লাইট আসার পর একে একে সকল যাত্রীরা বের হয়ে গেলেও স্বর্ণের সন্ধান না পাওয়ায় সন্দেহ সৃষ্টি হয়।পরবর্তীতে আবর্জনার ট্রলি স্ক্যান করে স্বর্ণের ১০টি বার পাওয়া যায় বলে জানান তিনি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।










