সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তে গুলিতে নিহত যুবক কবির হোসেনের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত কবির হোসেন (৩২) পশ্চিম জাফলং ইউনিয়নের চম্পকনগর গ্রামের আব্দুল করিমের ছেলে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম জাফলং সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ মে বিকালে চম্পকনগর গ্রামের সেলিম মিয়া ও কামিল মিয়ার সঙ্গে মায়াবতী ঝর্ণার পাশ দিয়ে ভারতীয় সীমানায় ঢুকে পড়েন কবির হোসেন। এর মিনিট দশেক পর ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই সময় সেলিম ও কামিল দৌড়ে বাংলাদেশ সীমান্তে চলে আসেন। কিন্তু কবির হোসেন আসতে পারেননি।
২৬ মে দুপুরে মায়াবতী ঝর্ণার পাশে কবির হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
বিষয়টি গোয়াইনঘাট থানা পুলিশকে জানান স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন। মরদেহটি ভারতীয় এলাকায় থাকায় বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি। এরই পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে মরদেহ হস্তান্তর করে বিএসএফ। ৪৮ বিজিবির প্রতাপপুর বিওপির কম্পানি কমান্ডার হযরত আলী মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।










