শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক শিক্ষার্থীকে ক্যাম্পাসের ভেতরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম বুলবুল আহমেদ। তিনি লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বুলবুলের বাড়ি নরসিংদী সদরের চিনিশপুর নন্দিপাড়ায়। তার বাবার নাম ওহাব আলী।

বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর আবু হেনা পহিল জানান, সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি টিলায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন শিক্ষার্থী। পরে তারা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, কে বা কারা বুলবুল আহমেদকে ছুরিকাঘাত করেছে, তা এখনো জানা যায়নি।  তার বুকে ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানান তিনি।

ওসামানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীর জানান, বুলবুল আহমদের মৃতদেহ লাশ মর্গে রয়েছে।