বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘স্বৈরাচার বিদায় হয়েছে, প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এ ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। শহীদ জিয়ার সৈনিকরা তাদের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে, তাদের রুখে দেবে। এত অত্যাচার ও নির্যাতনের মধ্যেও বিএনপি টিকে আছে। আজ আবার যদি জনগণের সমর্থন বিএনপির প্রতি অব্যাহত থাকে তাহলে আমরা সেই সম্ভাবনার বাংলাদেশ গড়তে সক্ষম হব।’

গতকাল বিকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আমাদের সহকর্মী আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে এ সমাবেশে সবার নিকট দাবি রাখছি, আব্দুস সালাম পিন্টুসহ বিএনপির যত নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে, আটকে রাখা হয়েছে তাদের সবার মুক্তি দিতে হবে। বিগত প্রায় ১৭ বছর জনগণের আন্দোলনের ফলে বিজয় অর্জিত হয়েছে গত ৫ আগস্ট। জনগণের বিজয়ের মাধ্যমে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। স্বৈরাচার দেশ থেকে বিদায় হয়েছে। এখন আমাদের দেশকে গড়তে হবে।’

তারেক রহমান আরো বলেন, ‘আগামী দিনে বিএনপি জনগণের সহযোগিতায় জনগণের সরকার গঠনে সক্ষম হলে আমরা বাংলাদেশে উৎপাদন, সম্ভাবনা ও উন্নয়নের রাজনীতি করতে চাই। সে কারণে বাংলাদেশের মাটিতে আমার মন পড়ে আছে। বিএনপির রাজনৈতিক লক্ষ্যই হচ্ছে দেশের মানুষের রাজনৈতিক লক্ষ্য অর্জন করা। জনগণের যে অর্থনৈতিক মুক্তি, সেটি অর্জন করা। আপনাদের সাহায্যে ও সহযোগিতায় স্বৈরাচার সরকারকে বিদায় করতে সক্ষম হয়েছি। আপনাদের সাহায্যে, সহযোগিতা ও সমর্থন পেলে আমরা সরকার গঠন করতে সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারব।’

গোপালপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। এতে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসিরসহ বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।