বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে আটকে পড়েছিলেন ২০০ পর্যটক। তবে আবহাওয়া অনুকূলে আসায় গতকাল বিকালে পর্যটকরা টেকনাফে ফিরেছেন। অনুমতি পাওয়া কেয়ারি সিন্দাবাদে প্রথম দিনে ১০৮ পর্যটক সেন্ট মার্টিন গেছেন।

এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝুঁকি এড়াতে টেকনাফ-সেন্ট মার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় টেকনাফ উপজেলা প্রশাসন। ফলে সেন্ট মার্টিনে আটকা পড়েন পর্যটকরা। গতকাল তারা জাহাজের ফিরতি ট্রিপে ফিরছেন বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী।

তিনি বলেন, ‘সকাল ৯টার দিকে জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে পর্যটকবাহী দুটি জাহাজ ছেড়ে যায়। ওই জাহাজে করে আটকা পড়া পর্যটকরা ফিরেছেন। শুক্রবার মধ্যরাত থেকে টেকনাফে আবহাওয়া স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে। টেকনাফ-সেন্ট মার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে।’

কেয়ারি সিন্দাবাদের কক্সবাজারের ইনচার্জ এসএম আবু নোমান জানান, মৌসুমের প্রথম দিনে ১০৮ পর্যটক নিয়ে যাত্রা করেন তারা। প্রতিদিন নিয়মিত জাহাজ চলাচল করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।