৩৩ হাজার কেভি তারে জড়িয়ে এক বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের নাম হাফিজুর রহমান ভুট্টো। তিনি গাইবান্ধা জেলার দামোদরপুর গ্রামের রুহুল কুদ্দসের ছেলে।
সাতক্ষীরা পিডিবির নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োজিত ওই শ্রমিক ভুল করে ভিন্ন একটি বিদ্যুৎ পোলে উঠে তারে কাজ করতে গিয়ে নিহত হয়েছেন।
তিনি বলেন, সকালে শহরের কাটিয়া এলাকার ফিডারে কাজ করার জন্য লাইনটি বন্ধ করা হয়। কিন্তু পাশাপাশি ফিডার থাকায় শ্রমিক হাফিজুর রহমান ভুল করে বিদ্যুৎ চালু থাকা টেক্সটাইলস ফিডারের ৩৩ হাজার কেভি পোলে উঠে তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।










