ব্রাহ্মণবাড়িয়ার ১৪ কিলোমিটার দীর্ঘ বাইপাস খালের বেশির ভাগই দখল হয়ে গেছে। খালের বিভিন্ন অংশে গড়ে উঠেছে মার্কেট, বাড়িসহ বিভিন্ন স্থাপনা। এতে অস্তিত্ব হারিয়ে খালটি এখন বিলীনের পথে। দখলের কারণে বিরূপ প্রভাব পড়ছে খালের জীববৈচিত্র্যে। জেলা পরিষদ বলছে, দখলদারদের তালিকা করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, শুকনো মাটির ওপর দাঁড়িয়ে থাকা সেতুটি সাক্ষী দিচ্ছে কীভাবে অস্তিত্ব হারিয়েছে এক সময়ের খরস্রোতা বাইপাস খাল। একসময় সড়কের দুই পাশে থাকা খালগুলো মেঘনা ও তিতাস নদের মধ্যে সংযোগ স্থাপন করেছিল। প্রাচীন এই খাল কেন্দ্র করে শহরের নাটাই-লালপুরে ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটে। গত দুই দশকে খালের বিভিন্ন অংশে উঠেছে বহুতল মার্কেট, বাড়িঘর, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা। পানিপ্রবাহ না থাকায় নাব্য হারিয়ে খাল যেমন ভরাট হয়ে গেছে, তেমনি হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য।
জেলা পরিষদের অধীনে থাকা খালগুলো উদ্ধারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এমএম মাহমুদুর রহমান।









