রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কক্সবাজার সদর হাসপাতালে ভাংচুর হয়েছে। এ সময় লাঞ্ছনার শিকার হয়েছেন হাসপাতালের এক চিকিৎসক।

স্বজনদের অভিযোগ, বুধবার (১১ সেপ্টেম্বর) রাত দেড়টার সময় সিসিউতে ভর্তি থাকা আজিজ ভুল চিকিৎসায় মারা যান। ব্যথানাশক ইনজেকশন পুশ করার পরই তার মৃত্যু হয়। 

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতালের ভেতরেই ক্ষোভে ফেটে পড়েন তার স্বজনরা। তারা কর্তব্যরত চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি হাসপাতালের কক্ষে আটকে রাখেন এবং হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ভাংচুর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

চিকিৎসকে মারধরে প্রতিবাদে হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা। এ ঘটনার সুরাহা না হলে হাসপাতালের আবাসিক রোগীদের কোনো ধরনের সেবা দেয়া হবে না বলেও জানিয়ে দেন তারা। তবে সেবামূলক প্রতিষ্ঠান হওয়ায় জরুরি বিভাগে সেবা প্রদান অব্যাহত রয়েছে।

ঘটনার পর থেকে হাসপাতালের নিরাপত্তায় সেনাবাহিনীসহ বিভিন্ন প্রশাসনের টিম নিয়োজিত রয়েছে। 

কক্সবাজার জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান জানান, কর্তৃপক্ষ একটি বৈঠকে বসে আপাতত জরুরি বিভাগে চিকিৎসা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। হাসপাতালের ওয়ার্ডে যেসব রোগীরা ভর্তি আছেন, তাদেরও চিকিৎসা দেয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার প্রশাসনিকভাবে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।